ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন নাজনীন আহমদ

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নাজনীন আহমদ। রবিবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪১তম সভায় তিনি প্রথমবারের মতো পরিচালক হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নাজনীন আহমদ বাংলাদেশের গার্মেন্টস, কেমিক্যাল ও প্যাকেজিং খাতে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন খ্যাতনামা ব্যবসায়িক নেতা। বর্তমানে তিনি ডাই অ্যাফিন লিমিটেড ও অফিসিনা বিডি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি টিএস হোল্ডিংস লিমিটেড ও জাইটা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং টিএস প্যাকেজিং লিমিটেড, ডেনিম্যাক লিমিটেড ও ডেনিম্যাক ওয়াশিং লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ কর্মজীবনে কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব শিল্প উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনে কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। পরবর্তীতে কেয়ার কানাডার কনসালট্যান্ট হিসেবে নারী ক্ষমতায়ন ও গ্রামীণ জীবিকা উন্নয়নমূলক কর্মসূচিতে অবদান রাখেন। তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে উইমেনস স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর নাজনীন আহমদ বলেন, ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি বিশ্বাস করি দেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সুশাসন, স্বচ্ছতা ও উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। আমার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যাংকের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে এবং গ্রাহকসেবার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।