জিপিএইচ ইস্পাতের রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেসমে বাংলাদেশে বিশ্ব ব্যাংক কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমসহ শনিবার (৪ এপ্রিল) জিপিএইচ ইস্পাত লিমিটেড-এর ৬.০৫ মেগাওয়াটপিক রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করেন। দেশের শিল্প খাতে অন্যতম বৃহৎ এই রুফটপ সোলার স্থাপনাটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।

পরিদর্শনকালে ইডকল-এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ এবং নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেসমে বাংলাদেশে পরিচ্ছন্ন জ্বালানি সম্প্রসারণে গৃহীত উদ্যোগসমূহের প্রশংসা করেন এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে, ইডকল-এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন সম্প্রসারণে, বিশেষ করে রুফটপ সোলার খাতে ইডকলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইডকল দীর্ঘদিন ধরে সোলার হোম সিস্টেম, মিনিগ্রিড এবং ইউটিলিটি-স্কেল সোলার প্রকল্পে অর্থায়নের মাধ্যমে দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতায় সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি রুফটপ সোলার প্রকল্পে অর্থায়ন কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছে। ইডকল ২০৩০ সালের মধ্যে ১,১৫০ মেগাওয়াটপিক রুফটপ সোলার প্রকল্পে অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ পর্যন্ত প্রায় ২২০ মেগাওয়াটপিক প্রকল্পে অর্থায়ন সম্পন্ন হয়েছে এবং ২০০ মেগাওয়াটপিকের বেশি প্রকল্প বর্তমানে পাইপলাইনে রয়েছে।

জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৬.০৫ মেগাওয়াটপিক রুফটপ সোলার প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি খাতের ক্রমবর্ধমান অংশগ্রহণের একটি উজ্জ্বল উদাহরণ। প্রকল্পটি শিল্প প্রতিষ্ঠানের জন্য পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাসে ভূমিকা রাখবে।

এই পরিদর্শন বাংলাদেশের টেকসই ও জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে বিশ্ব ব্যাংক ও ইডকল-এর চলমান সহযোগিতার প্রতিফলন।