জাটকা সংরক্ষণ সপ্তাহ

সংরক্ষণে অবহেলাই ইলিশ অস্তিত্বে সংকট

‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ এই স্লোগানটি আজ আর শুধু প্রচারণার ভাষা নয়; এটি আমাদের অর্থনীতি, পরিবেশ ও খাদ্যনিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত বাস্তব সত্য। শুধু স্বাদের জন্য নয় বরং আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, জীবিকা এবং অর্থনৈতিক শক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু এই সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হলে, ভবিষ্যতে আমরা গভীর সংকটের মুখোমুখি হতে পারি। তাই জাটকা সংরক্ষণ আজ শুধু একটি প্রয়োজন নয়, এটি জাতীয় অগ্রাধিকার। এই বাস্তবতা উপলব্ধি করে প্রতি বছর ৭ থেকে ১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হয়। এটি কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং জাতির সর্বস্তরের মানুষকে সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় করার একটি গুরুত্বপূর্ণ সময়। জাটকা ধরা মানে কেবল একটি ছোট মাছ ধরা নয়, এটি ভবিষ্যতের বিপুল সম্ভাবনাকে ধ্বংস করা। এ কারণেই জাটকা সংরক্ষণকে ইলিশ উৎপাদনের মূলভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। অপরিণত অবস্থায় ইলিশ ধরা হলে, তারা প্রজননের সুযোগ পায় না। ফলে প্রাকৃতিক প্রজননচক্র মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলস্বরূপ দীর্ঘমেয়াদে ইলিশের উৎপাদন হ্রাস পায় এবং একসময় তা সংকটজনক পর্যায়ে পৌঁছাতে পারে। জাটকা নিধন শুধু একটি প্রজাতির ক্ষতি নয়, এটি জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এ ছাড়া জাটকা নিধনের ফলে  জেলেদের আয় অনিশ্চিত হয়ে পড়ে, বাজারে ইলিশের সরবরাহ কমে এবং দাম বৃদ্ধি পায়। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করে। অতএব, এটি পরিবেশগত ও অর্থনৈতিক দুই দিক থেকেই গুরুতর সমস্যা।

সরকারের উদ্যোগ ও বাস্তবতা : সরকার জাটকা সংরক্ষণে নানা ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের জন্য জাটকা ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে, মার্চ-এপ্রিলে নদ-নদীতে জাটকা আহরণ সম্পূর্ণ বন্ধ রাখা হয়। জেলেদের জন্য খাদ্য সহায়তা (ভিজিএফ), বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মোবাইল কোর্ট ও প্রশাসনিক নজরদারিও জোরদার করা হয়েছে। বাস্তবতা হলো, শুধু আইন প্রয়োগে সমস্যার স্থায়ী সমাধান হয় না। জীবিকার তাগিদে অনেক জেলে নিষেধাজ্ঞা অমান্য করতে বাধ্য হন। একই সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী, এই সুযোগে জাটকা সংগ্রহ ও বাজারজাত করে। ফলে আইন ও বাস্তবতার মধ্যে যে ব্যবধান তৈরি হয়, তা দূর করতে আরও সমন্বিত ও মানবিক উদ্যোগ প্রয়োজন।

অর্থনৈতিক গুরুত্ব : ইলিশ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশের মোট মৎস্য উৎপাদনের একটি বড় অংশ এই মাছ থেকে আসে। লাখ লাখ  জেলে সরাসরি এ খাতের সঙ্গে জড়িত, আর পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের মাধ্যমে আরও অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। জাটকা সংরক্ষণ নিশ্চিত করা গেলে, ইলিশ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। ইলিশ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা বাড়বে। ফলে জাটকা সংরক্ষণ শুধু একটি পরিবেশগত দায়িত্ব নয়, বরং একটি অর্থনৈতিক কৌশল হিসেবেও বিবেচ্য। বর্তমানে নদী দখল, শিল্পবর্জ্য, প্লাস্টিক দূষণ এবং অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন ইলিশের প্রজননকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তাই জাটকা সংরক্ষণের পাশাপাশি নদী রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আইন যতই কঠোর হোক না কেন, সামাজিক সচেতনতা ছাড়া জাটকা সংরক্ষণ সফল করা সম্ভব নয়। জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। স্কুল-কলেজ শিক্ষার্থীদের এ বিষয়ে সম্পৃক্ত করা গেলে, একটি সচেতন প্রজন্ম তৈরি হবে, যারা ভবিষ্যতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে নেতৃত্ব দিতে পারবে।

জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে জেলেদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি অপরিহার্য। সহজ শর্তে ঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সুযোগ প্রদান করা গেলে, তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। বাজার ও ভোক্তার দায়িত্ব : বাজারে জাটকা বিক্রি বন্ধে, কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন হতে হবে, জাটকা কেনা থেকে বিরত থাকতে হবে। ভোক্তা যদি সচেতনভাবে জাটকা বর্জন করেন, তবে বাজারে এর চাহিদা কমে যাবে এবং সরবরাহও স্বাভাবিকভাবে হ্রাস পাবে। এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিরোধ হিসেবে কাজ করতে পারে।

গণমাধ্যমের ভূমিকা : জাটকা সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম। টেলিভিশন, পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি সামাজিক মাধ্যমে দ্রুত ও ব্যাপকভাবে বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব। তরুণদের সম্পৃক্ত করে সচেতনতামূলক প্রচারণা চালালে, তা কার্যকর ও প্রভাবশালী হবে। স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। অসাধু ব্যবসায়ী ও জাটকা শিকারিদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাটকা সংরক্ষণকে একটি ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে দেখতে হবে। গবেষণা, তথ্যভিত্তিক নীতিনির্ধারণ এবং নদী ব্যবস্থাপনার উন্নয়ন সবকিছু মিলিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। জাটকা সংরক্ষণ এক সপ্তাহের কর্মসূচিতে সীমাবদ্ধ নয়; এটি একটি জাতীয় দায়িত্ব এবং সবার নৈতিক অঙ্গীকার। স্বল্পমেয়াদি লাভের আশায় জাটকা নিধন করে আমরা নিজেদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছি। জাটকা বাঁচলে ইলিশ বাঁচবে, ইলিশ বাঁচলে দেশ বাঁচবে’ এই চেতনা আমাদের সবার মধ্যে ধারণ করতে হবে। সরকার, জেলে, ব্যবসায়ী, ভোক্তা এবং সচেতন নাগরিক সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তবেই সম্ভব হবে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। সর্বশেষ যে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, তা হচ্ছে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, একনিষ্ঠতা এবং কর্তব্য। প্রত্যেকে যদি নিজি নিজ দায়িত্বে অটল ও সৎ হই, তাহলে জাটকা নিধন শতভাগ নিয়ন্ত্রণে থাকবে।

লেখক : জনস্বাস্থ্য বিশ্লেষক, গবেষক ও কলামিস্ট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

drmazed96@gmail.com