হিন্দি সিনেমায় কল্যাণী প্রিয়দর্শন

দক্ষিণ ভারতের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ কল্যাণী প্রিয়দর্শন। শুধু সৌন্দর্য নয়, অভিনয় দক্ষতা আর ব্যক্তিত্ব দিয়েই তিনি দ্রুত নিজের জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। মালয়ালম, তামিল ও তেলেগুথ এই তিন ভাষার চলচ্চিত্রে সমান দক্ষতায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। একের পর এক হিট সিনেমার মাধ্যমে নিজের অবস্থানও পাকাপোক্ত করেছেন তিনি। এবার এই অভিনেত্রী কাজ করতে যাচ্ছেন বলিউডের এই সময়ের সবচেয়ে সুপার-ডুপারহিট সিনেমার ধুরন্ধর-এর নায়ক রণবীর সিংয়ের বিপরীতে। সিনেমার নাম ‘প্রলয়’। ভিন্নধর্মী এই ছবির প্রেক্ষাপট হবে এক প্রলয়-পরবর্তী পৃথিবী, যেখানে জম্বিদের দাপটে সভ্যতা প্রায় ধ্বংসের মুখে। ছবিটি পরিচালনা করবেন জয় মেহতা, যিনি আগে তার বাবা হানসাল মেহতার সঙ্গে ‘স্ক্যাম ১৯৯২ : দ্য হর্ষদ মেহতা স্টোরি’ সহ-পরিচালনা করেছিলেন। এই সিনেমাটি হানসালের প্রযোজনা প্রতিষ্ঠান ট্রু স্টোরি ফিল্মসের ব্যানারে তৈরি হবে, সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকছে রণবীরের সংস্থা মা কসম ফিল্মস। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ‘প্রলয়’-এর শুটিং শুরু হওয়ার কথা।

 প্রায় ৩০০ কোটি রুপি বিশাল বাজেটে নির্মিত হতে যাওয়া ‘প্রলয়’-এর চিত্রনাট্য লিখেছেন জয় মেহতা ও বিশাল কাপুর। নির্মাতারা জানিয়েছেন, এটি কোনো অনুপ্রেরণা বা রূপান্তর নয়, একেবারেই মৌলিক গল্প। তবে তুলনা টানা হয়েছে হোসে সারামাগোর বিখ্যাত উপন্যাস ব্লাইন্ডনেসের সঙ্গে। যদিও হানসাল মেহতা স্পষ্ট  করেছেন, ‘প্রলয়’ সেই গল্পের রূপান্তর নয়। তার মতে, সারামাগোর মতো লেখকদের কাজ বই হিসেবেই সবচেয়ে ভালো উপভোগ করা যায়। সিনেমায় সেই গভীরতা অনেক সময় হারিয়ে যায়।

অভিনয়ে পা রাখার আগে কল্যাণী কাজ করেছেন প্রোডাকশন ডিজাইন বিভাগে। এরপর ২০১৭ সালে তেলেগুর ‘হ্যালো’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। সেই শুরু, তারপর আর পেছনে তাকাতে হয়নি। এবার বলিউডে কেমন করেনথ সেটাই এখন দেখার বিষয়।