বিসিসিসিআইয়ের ভ্যাট কমানোর প্রস্তাব

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একাধিক প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)। গতকাল রবিবার  রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট পরামর্শ সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এ সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিসিসিআইয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। প্রতিনিধি দলে আরও ছিলেন পরিচালক আমানুর রহমান, শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের একজন প্রতিনিধি এবং সংগঠনটির নির্বাহী পরিচালক মো. আবু তাহের।

সভায় বিসিসিসিআই বস্ত্র খাত, রাসায়নিক শিল্প এবং মোবাইলের ট্রেডিং পর্যায়ে ভ্যাট কমানোর প্রস্তাব দেয়। সংগঠনটির মতে, এসব খাতে করের বোঝা কমানো গেলে ব্যবসার খরচ হ্রাস পাবে, বাণিজ্য কার্যক্রম আরও সহজ হবে এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে। একই সঙ্গে এতে বাজার সম্প্রসারণের সুযোগও বাড়বে।

প্রস্তাবগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া সুপারিশগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে। তিনি জানান, যৌক্তিক প্রস্তাবগুলো আসন্ন বাজেট প্রণয়নে বিবেচনায় নেওয়া হতে পারে।