ইরান-যুক্তরাষ্ট্রের ৪৫ দিন যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চলছে

সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি শর্ত নিয়ে ইরান, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ আলোচনা করছে। এই আলোচনার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস রবিবার (৫ এপ্রিল) এমনটাই জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যস্থতাকারীরা দুই ধাপের একটি চুক্তির শর্ত নিয়ে আলোচনা করছেন। প্রথম ধাপে সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতি থাকবে, এই সময়ের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় ধাপে যুদ্ধ শেষ করার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে ইরান ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি ‘সম্পূর্ণ উড়িয়ে দেয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রবিবার তিনি এ হুমকি দেন।