নতুন সময়সূচিতে চলবে অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল

দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে রবিবার (৫ এপ্রিল) নতুন সময়সূচি জারি করেন।

নতুন সূচি অনুযায়ী, সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে। আর আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্র ও শনিবার থাকছে।   

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।