মার্কিন চুক্তি নিয়ে ড. ইউনূস আমাকে ডাকেননি: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলোতে তাকে কখনোই ডাকা হয়নি। তার মতে, এটি তার এলাকার বিষয় নয়। একইভাবে অর্থনীতি, ব্যাংকিং ও এনবিআর ইস্যুতেও তাকে ডাকা হয়নি। এ সব বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টাকে নিয়ে বসতেন। আইনগত ও রাজনৈতিক সংস্কার ইস্যুতেই মূলত তাকে ডাকা হতো।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, সরকারের দেড় বছরের মেয়াদে ‘কিচেন কেবিনেট’ নিয়ে আলোচনা ছিল এবং তিনি যেন সেই কেবিনেটের সদস্য ছিলেন—এমন অভিযোগ রয়েছে। জবাবে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে কোন সরকারের আমলে ‘কিচেন কেবিনেট’ ছিল না? তিনি আরও বলেন, যারা দু-একজন হয়তো ছিলেন না, তারা হয়তো ওই বিষয়ে ততটা গুরুত্বপূর্ণ না, তাই তাদের রাখতেন না।

প্রসঙ্গক্রমে সাবেক এক উপদেষ্টার কথা উল্লেখ করে আসিফ নজরুল জানান, ওই উপদেষ্টা নিজেই বলেছেন—ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রক্রিয়ায় তিনি ছিলেন না। কিন্তু শ্রম আইনসংক্রান্ত সিদ্ধান্তের আলোচনায় তিনি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। নির্বাচন কমিশন যখন নির্বাচনী আইনের খসড়া নিয়ে আসে, তখন উপদেষ্টারা মিলে বসেন। সে সময় ওই উপদেষ্টাকে বেশি কথা বলতে বলা হয়, কারণ নির্বাচন বিষয়ে তার অভিজ্ঞতা বেশি।