আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময়কাল ৫৮ দিন।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। ইলিশ সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে এর দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালে আসবে।
মন্ত্রী আরও জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হবে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। এই কর্মসূচি দেশের ২০টি জেলায় পালন করা হবে এবং এর উদ্বোধন চাঁদপুর থেকে হবে।
জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেছেন।