ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সময় সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি পিকআপে করে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি টহলদল ধাওয়া দিয়ে লক্ষীবাজার এলাকা থেকে পিকআপসহ ১ হাজার ১৬১ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হয় বিজিবির সদস্যরা। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা বলে জানানো হয়েছে। তবে অভিযানে জড়িত চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এবিষয়ে ২৫ বিজির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানী মালামাল যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।