ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সময়ে তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৭২ শিশু।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৪৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭০ শিশু এবং মৃত্যু হয়েছে ৬ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১৫ শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু রোগী ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ভর্তি কোনো শিশুর মৃত্যু হয়নি। আমরা তিনটি মেডিকেল টিম গঠন করেছি, যারা হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।