দিনাজপুরের হিলি স্থলবন্দর ও কাস্টমস স্টেশনের সার্বিক কার্যক্রম পরিদর্শনসহ হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রতিনিধি দল।
আজ সোমবার সকাল ১১টায় প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে পৌঁছালে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হিলি ল্যান্ড কাস্টমস স্টেশনের সম্মেলন কক্ষে এক ব্রিফিং ও ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়।
এতে কাস্টমস ও বন্দর কর্মকর্তারা প্রতিনিধি দলের সামনে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম,রাজস্ব আদায় এবং বন্দরের অবকাঠামোগত সুবিধা ও সম্ভাবনা তুলে ধরেন।
প্রতিনিধি দলের সদস্যরা বন্দরের অপারেশনাল কার্যক্রম ও জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এ সময় ন্যাশনাল ডিফেন্স কোর্সের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, হিলি কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি কাস্টমস ও বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও শেড ঘুরে দেখেন। এরপর তারা সীমান্তের চেকপোস্ট এলাকা পরিদর্শন ও কার্যক্রম সম্পর্কে অবগত হন।
অব. মেজর জেনারেল রাশেদ আমিনের নেতৃত্বে এই দলে সেনাবাহিনীর ৮ জন, নৌবাহির ১ জন, বিমান বাহিনীর ২ জন, সিভিল সার্ভিসের ৩ জন, আনসার ভিডিপির ১ জন, বিদেশি ৬ জনসহ সর্বমোট ২৪ জন ছিলেন।