ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সিতে নেইমার জুনিয়রকে নিয়ে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। লক্ষ্য একটাই— আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ৩৪ বছর বয়সী এই সুপারস্টারকে সেলেসাওদের স্কোয়াডে জায়গা করে দেওয়া। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই কোপা সুদামেরিকানার অভিষেক ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নেইমারকে।
ফ্ল্যামেঙ্গোর কাছে ৩-১ গোলে হারের পর এক সংবাদ সম্মেলনে সান্তোস কোচ কুকা নেইমারকে নিয়ে তাদের এই সূক্ষ্ম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা প্রকাশ করেন।
ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ম্যাচে কার্ড জটিলতায় খেলতে পারেননি নেইমার। তবে ইকুয়েডরের ক্লাব কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে দেখা যাবে না। কোচ কুকা জানান, ফিফা আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের হাঁটুতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। এর ফলে তিনি গত কয়েকদিন অনুশীলনের বাইরে ছিলেন এবং বর্তমানে রিকভারিতে আছেন।
নেইমারকে বিশ্বকাপের জন্য শতভাগ ফিট করতে সান্তোসের কোচিং স্টাফ ও ফিজিওরা মিলে একটি বিশেষ প্রশিক্ষণ সূচি তৈরি করেছেন। চতুর্থবারের মতো সান্তোসে যোগ দেয়া কোচ কুকা বলেন, আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে তাকে আগের শক্তি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তিনি বর্তমানে প্রতিদিন দুই সেশনে 'স্পেসিফিক স্ট্রেন্থ, স্পিড এবং এনডুরেন্স' ট্রেনিং করছেন। আগামী বিরতির আগে টানা ১৩টি ম্যাচ খেলার জন্য তাকে মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত করাই আমাদের মূল লক্ষ্য।"
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে (২৬ সদস্যের) জায়গা করে নেওয়া নেইমারের জন্য এখন সময়ের চ্যালেঞ্জ। বিশ্বকাপের আগে নেইমার নিজেকে প্রমাণের জন্য মাত্র ১৩টি ম্যাচ হাতে পাচ্ছেন:
-
৮টি ম্যাচ ব্রাজিলের ঘরোয়া লিগ )
-
৪টি ম্যাচ কোপা সুদামেরিকানা।
-
২টি ম্যাচ কোপা দো ব্রাজিল।
তবে রেফারিকে নারী বিদ্বেষী মন্তব্য করে নিষেধাজ্ঞার শঙ্কা আছেন নেইমার। যদি সেই নিষেধাজ্ঞা আরোপিত হয়, তবে এসব পরিকল্পনা ভেস্তে যাবে সান্তোসের।