তেল না পেয়ে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবরোধ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়। এতে প্রায় দুই ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় তেল সরবরাহ করা হয়নি। এতে অপেক্ষমাণ চালকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা সড়কে নেমে সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরোধ তুলে দেয়। এরপর ধীরে ধীরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা ফেসবুক পোস্ট করেন, যে পাম্পে তেল দেবে। কিন্তু পাম্পে কোনও তেল ছিলো না, ভুল বুঝে রাস্তা অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। পরে পুলিশ খবর পেয়েই সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।