বৈশাখী টিভিতে আজ থেকে শুরু হচ্ছে আরও একটি ধারাবাহিক নাটকের প্রচার। ‘ভিলেজ সোসাইটি’ নামের এই নাটকটি সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে প্রচারিত হবে। প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালকের দায়িত্বে রয়েছেন মাহফুজ খান। অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন আজাদ, আজমাইন ইলহাম, উজ্জ্বল মাহমুদ, সঞ্জীব আহমেদ, পারভেজ সুমন, সোনিয়া স্বপ্ন, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, এফ এইচ শান, জাস মান্নাত, হেদায়েত নান্নু, তাবাসসুম মিথিলা, রিজভিনা মৌসুমি, এম, কে, এইচ পামির, নিশি আনজুম, তাওহিদুল ইসলাম তাইফ, স্মৃতি আক্তার প্রমুখ।
আমাদের যাপিত জীবনের গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে। নাট্যকার জানান, সমাজে এমন কিছু মানুষ থাকে যারা ভূত না হলেও ভীষণ রকমের অদ্ভুত। যার যেখানে থাকার কথা সে যেন সেখানে থেকেও ভূতের মতো অদৃশ্য, আবার যার যে কাজ করার কথা সে সেই কাজ তো করছেই না বরং অদ্ভুত আর উদ্ভট সব কাণ্ডকারখানা করছে। এই ধরনের মানুষ বিভিন্ন গ্রামে দুয়েকজন করে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও কাকতালীয়ভাবে মধুপুর গ্রামে একসঙ্গে এমন অদ্ভুত বেশ কিছু মানুষের বসবাস। এই অদ্ভুত মানুষগুলোর স্বভাব, আচরণ, প্রকৃতি, পেশা, নেশা আর উদ্ভট সব কাণ্ডকারখানা নিয়েই মধুপুর গ্রামের জীবনের গল্প। উদ্ভট আর অসাধারণ সরল মানুষগুলো ক্রমশ ভয়ংকর হয়ে উঠতে থাকে। এভাবেই এগিয়ে চলে ভিলেজ সোসাইটির কাহিনি।