কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তার প্রেক্ষিতে গতকাল সোমবার দিল্লিতে রাজ্যসভায় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন ‘ঢালিউড কুইন’ এই তারকা। তবে কোয়েল নয় তার আসল নাম রুক্সিণী মল্লিক হিসেবে শপথ নিলেন তিনি। বাংলায় কোয়েলের শপথগ্রহণও বেশ নজর কেড়েছে। লাল পাড়ের সাদা শাড়িতে মেকআপহীন চেহারা, গলায় সোনার মোটা চেইন। একেবারে খাঁটি সাধু বাংলায় শপথ নিলেন অভিনেত্রী। শপথগ্রহণের সময় কোয়েল মল্লিক বলেন, ‘আমি রুক্সিণী মল্লিক, রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া, সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে, বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি, তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।’
কোয়েলের সঙ্গে সংসদে হাজির ছিলেন তার বাবা-মা। শপথগ্রহণের মুহূর্তে এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানেই মিশ্র প্রতিক্রিয়া উঠে আসতে দেখা যাচ্ছে। কেউ কেউ তার রাজনীতিতে আসার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, কেউ আবার বলেছেন ‘ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন কোয়েল।’ কিছুদিন আগে কোয়েল মল্লিক এদিন তার স্বামী নিসপাল সিং রানের হাত ধরে মনোনয়নপত্র জমা দিতে আসেন। তার পাশে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মনোনয়ন জমা দিয়েই অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটা গুরুদায়িত্ব। আমি কেবল এটাই বলব, যেন সবাইর আশীর্বাদ, ভালোবাসা আমার সঙ্গে থাকে। যেন অনেক অনেক মানুষের সেবা করতে পারি, দেশের সেবায় যেন আমি সক্ষম হতে পারি। অনেক মানুষের যেন উপকারে আসতে পারি।’
কোয়েল কি রাজনীতিতে আসার কথা ভেবেছিলেন? এই প্রশ্নের জবাবে নায়িকা বলেছিলেন, ‘অনেক যে ভেবেছিলাম সেটা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে আমার নাম নমিনেট করা হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।’
অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি, কোয়েল চুটিয়ে সংসারও করছেন। বর্তমানে তিনি দুই সন্তানের মা। ছেলে কবীরের বয়স মাত্র ৬ বছর। আর কোয়েলকন্যা কাব্যার বয়স মাত্র দুই। কোয়েলের দুই সন্তানই ভালোবাসা পায় সোশ্যাল মিডিয়া থেকে। এখন দেখার, রাজনীতি, ক্যারিয়ার, সংসার তিনটে কীভাবে সামলান তিনি!