জাপানের বেসরকারি খাত বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। গতকাল সোমবার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতের সময় সাইদা শিনিচি এসব কথা জানান। সাক্ষাতের সময় বাংলাদেশ-জাপান সম্পর্ক, কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, জাপান জাইকার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। জাপানের বেসরকারি খাত বাংলাদেশের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান।
কৃষি মন্ত্রী আমিন উর রশিদ কৃষি খাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। জাইকার মাধ্যমে জাপান বাংলাদেশকে বিভিন্ন খাতে সহযোগিতা করছে। জাপানের কৃষি বিশেষ করে ধান উৎপাদনের সঙ্গে বাংলাদেশের অনেক মিল রয়েছে।
মন্ত্রী বাংলাদেশ থেকে জাপানে কৃষিপণ্য আমদানি বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের বড় বড় নদীর অববাহিকায় অসংখ্য চর রয়েছে। যেখানকার মাটি উর্বর, সেগুলোতে মিষ্টি আলু জাতীয় ফসল উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। জাপান আগ্রহী হলে সেখানে বৃহৎ পরিসরে অর্গানিক উপায়ে রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদন করা যাবে। মন্ত্রী জাপানের স্টিকি রাইস উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান।
এ সময় মন্ত্রী রপ্তানিমুখী ইল (কুচিয়া) ও কাঁকড়া চাষে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছেন। এ সময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।