কৃষি মন্ত্রণালয়াধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কার্যক্রম আরো গতিশীল ও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। গতকাল সোমবার কৃষি ভবনে আয়োজিত এক সভায় মন্ত্রী বলেন, কৃষি ছাড়া একটি দেশের উন্নয়ন কোনক্রমেই ফলপ্রসূ হতে পারে না। সংস্থটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সামগ্রিক উন্নয়নে বদ্ধপরিকর বর্তমান সরকার প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী সকলক্ষেত্রে টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিতকরণে পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। দেশের কৃষিখাতও এর ব্যতিক্রম নয়। কৃষি খাতের উন্নয়নেও গ্রহণ করা হচ্ছে বিভিন্ন ধরনের কর্মকৌশল এবং পদক্ষেপ।
আগামী পাঁচ বছরে বর্তমান সরকারের মাধ্যমে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে ৫ হাজার কিলোমিটার খাল খননের কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। একইসঙ্গে দেশের প্রান্তিক কৃষকদের নিকট কৃষক কার্ড বিতরণের কাজটিও খুব শিঘ্রই শুরু হতে যাচ্ছে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।