ইসলামবিদ্বেষী আচরণের বিরুদ্ধে একজোট ইয়ামাল-ভিনিসিয়ুস

মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও, বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়েছেন দুই ক্লাবের দুই মহাতারকা। সম্প্রতি এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লামিন ইয়ামালকে লক্ষ্য করে করা ইসলামবিদ্বেষী স্লোগানের তীব্র নিন্দা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

গত মঙ্গলবার মিশরের বিপক্ষে স্পেনের একটি প্রীতি ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে মুসলিম ধর্মাবলম্বী লামিন ইয়ামালকে লক্ষ্য করে আপত্তিকর ও ইসলামবিদ্বেষী স্লোগান দেয় স্প্যানিশ সমর্থকদের একটি অংশ। ১৮ বছর বয়সী বার্সা তারকা ইয়ামাল এই ঘটনার কড়া সমালোচনা করে বলেন, এ ধরনের আচরণ কেবল অসম্মানজনকই নয়, বরং অসহনীয়।

বর্ণবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়ে আসা ভিনিসিয়ুস জুনিয়র সোমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামালের সাহসী অবস্থানের প্রশংসা করেন। ভিনিসিয়ুস বলেন, "লামিন এই বিষয়ে মুখ খুলেছে—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মতো পরিচিত মুখ যাদের অর্থ ও প্রভাব আছে, তারা হয়তো এই বিষয়গুলো সামলে নিতে পারি। কিন্তু সাধারণ মানুষ এবং কৃষ্ণাঙ্গরা যারা প্রতিনিয়ত এমন পরিস্থিতির শিকার হন, তাদের লড়াইটা অনেক বেশি কঠিন। তাই আমাদের মতো যাদের কণ্ঠস্বর শক্তিশালী, তাদের একজোট থাকতে হবে।"

ভিনিসিয়ুস আরও উল্লেখ করেন যে, তিনি কোনো নির্দিষ্ট দেশকে বর্ণবাদী বলছেন না, তবে প্রতিটি দেশেই কিছু বর্ণবাদী মানসিকতার মানুষ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান খেলোয়াড়রা যদি ঐক্যবদ্ধভাবে এই লড়াই চালিয়ে যান, তবে ভবিষ্যতের প্রজন্মকে আর এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে না।

গেলো মাসেই লিসবনে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছিলেন ভিনিসিয়ুস। উয়েফা ইতিমধ্যে সেই ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে।