ভোলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করছে কোস্ট গার্ড। এ ঘটনায় মো. মামুন মিয়াজি নামে এক ব্যক্তিকে আটকের পর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। সোমবার (৬ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তেল ও আটক বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড ভোলা বেইসের সদস্যরা সদর উপজেলার চটকিমারা চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ট্রলারে করে অবৈধভাবে পরিবহনকালে প্রায় চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা মো. মামুন মিয়াজিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ট্রলারসহ তাকে ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা ডিজেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে স্থানীয় এ রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। বিক্রির অর্থ ও জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।