ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনও অচেতন অবস্থায় রয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বর্তমান সময়ে তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই বলে জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আহত হওয়ার পর ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা বর্তমানে ইরানের পবিত্র শহর কুমে চিকিৎসাধীন রয়েছেন। এতে একটি কূটনৈতিক নথির বরাতে বলা হয়, তিনি ‘গুরুতর অবস্থায়’ আছেন এবং শাসন ব্যবস্থার কোনো সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হওয়ার মতো অবস্থায় নেই।
এতে বলা হয়, এই তথ্য মূলত মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সংগ্রহ করা। এটি উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে।
আর এই প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান প্রকাশ্যে এলো।
এদিকে, তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মরদেহ কুম শহরে দাফনের প্রস্তুতি চলছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন বলে দাবি করা হয়।
গোয়েন্দা তথ্যানুযায়ী, কুমে শহরে একটি বড় মাজার নির্মাণের প্রস্তুতিও চলছে, যেখানে একাধিক কবরের ব্যবস্থা রাখা হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে যে পরিবারের আরও সদস্যদের পাশাপাশি মোজতবা খামেনেইকেও সেখানে দাফন করা হতে পারে। যা তার শারীরিক অবস্থার গুরুতরতার দিকে ইঙ্গিত দিচ্ছে।
তবে এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এই প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।