৫৫ বছর বয়সে ফুটবলে ফিরলেন চ্যাম্পিয়নস লিগজয়ী ‘ফিনিশ কিং’

ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ২০১১ সালে। এরপর কেটে গেছে দেড় দশক। কিন্তু ফুটবলের প্রতি টান যে ফুরায়নি, তার প্রমাণ দিলেন ফিনল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জারি লিটম্যানেন। ৫৫ বছর বয়সে আবারও পেশাদার ফুটবলে ফেরার ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের তাক লাগিয়ে দিয়েছেন আয়াক্সের হয়ে ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই তারকা।

এস্তোনিয়ার চতুর্থ বিভাগের ক্লাব তালিনা কালেভ-এর তৃতীয় সারির দলে খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হয়েছেন লিটম্যানেন। ক্লাবটির মালিক লিভারপুলের সাবেক রক্ষণভাগের খেলোয়াড় রাগনার ক্লাভান। মূলত শখের বশেই হোক কিংবা ফিটনেস ধরে রাখতে ১৫ বছর পর লিটম্যানেনের এই প্রত্যাবর্তন এস্তোনিয়ার ঘরোয়া ফুটবলে নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। বর্তমানে লিটম্যানেন সপরিবারে এস্তোনিয়ার রাজধানী তালিনে বসবাস করছেন। পাশাপাশি হেলসিংকি ভিত্তিক একটি স্পোর্টস চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবেও কাজ করছেন।

নব্বইয়ের দশকে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার ভাবা হতো লিটম্যানেনকে। আয়াক্সের সেই সোনালী প্রজন্মের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি, যারা এসি মিলানকে হারিয়ে ইউরোপ জয় করেছিল। ক্যারিয়ারে আয়াক্স ছাড়াও বার্সেলোনা ও লিভারপুলের মতো জায়ান্ট ক্লাবে খেলেছেন তিনি। ফিনল্যান্ডের হয়ে রেকর্ড ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফুটবলারকে নিজ দেশে ‘দ্য কিং’ বা রাজা বলে ডাকা হয়।১৯৯৫ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন জারি লিটম্যানেন।

হঠাৎ কেন এই ফেরা? জানা গেছে, গত অক্টোবরে তালিনা কালেভ-এর যুব দলের হয়ে দুই ছেলে কারো (১৭) ও ব্রুনোর (১৯) সঙ্গে মাঠে নেমেছিলেন লিটম্যানেন। ছেলেদের সঙ্গে একই দলে খেলার সেই অভিজ্ঞতা তাকে এতটাই বিমোহিত করেছে যে, তিনি আবারও নিয়মিত অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নেন। স্থানীয় সংবাদমাধ্যমকে লিটম্যানেন বলেন, ‘নিজের সন্তানদের সঙ্গে একই মাঠে খেলাটা ছিল অবিশ্বাস্য এক অনুভূতি।’

লিটম্যানেনের ফেরার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আয়াক্সের অনেক পুরোনো সমর্থকরা তাদের শৈশবের নায়কের মাঠে ফেরার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তালিনা কালেভের তরুণ ফুটবলারদের কাছেও এটি এক বিশাল সুযোগ; চ্যাম্পিয়ন্স লিগ জয়ী একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা তাদের জন্য স্বপ্নের মতো। এখন দেখার বিষয়, ৫৫ বছর বয়সে মাঠে নেমে সেই চিরচেনা পায়ের জাদু তিনি দেখাতে পারেন কি না।