সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন, অর্ধ লাখ টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে দুইটি ভেকুর চারটি ব্যাটারি জব্দ ও  এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা ও চামারি ইউনিয়নের সোনাপুর এলাকায় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত অভিযান পরিচালনা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

এসময় সোনাপুর এলাকায় তিন ফসলি আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে সুলতান আলী নামে এক ভেকু কন্টাক্টরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

এছাড়া অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত দুইটি ভেকুর চারটি ব্যাটারি জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, কৃষি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।