চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচে আজ রাত ১টায় মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। তবে বল মাঠে গড়ানোর আগেই মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দিয়েছেন বায়ার্ন কিংবদন্তি লোথার ম্যাথিউস। তার নিশানায় এবার রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।
টেলিভিশন অনুষ্ঠান ‘স্কাই ৯০’-এ কথা বলার সময় ম্যাথিউস ভিনিসিউসের মাঠের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভিনিসিউস নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু সে অনবরত প্রতিপক্ষকে উসকানি দেয়। যখন আপনি তাকে ঠিকমতো ট্যাকল করবেন, তখনই সে অভিযোগ আর ঘ্যানঘ্যান করা শুরু করে। এটা কয়েক বছর ধরেই চলছে।’
ম্যাথিউসের সুরে সুর মিলিয়েছেন বায়ার্নের সাবেক ডিফেন্ডার মার্কাস ব্যাবেলও। ভিনিসিউসের ড্রাইভ করা বা মাঠে পড়ে গড়াগড়ি খাওয়ার প্রবণতা নিয়ে তিনি বলেন, ‘তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সামান্য শারীরিক স্পর্শেই যেভাবে সে মাঠে পড়ে গড়াগড়ি খায়, সেটা আমার মোটেও পছন্দ নয়।’
শুধুমাত্র ভিনিসিউস নন, রিয়াল মাদ্রিদ ক্লাবের সামগ্রিক আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন এই দুই জার্মান ফুটবল ব্যক্তিত্ব। রদ্রি হার্নান্দেজের ব্যালন ডি’অর জয়ের অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের না যাওয়ার সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন ম্যাথিউস। তিনি বলেন, ‘অন্যদের প্রতি সম্মান জানিয়ে আপনার এমনটা করা উচিত নয়। রিয়ালের মতো বিশাল ইতিহাসের একটি ক্লাব এ ধরনের কাজের মাধ্যমে নিজেদের মর্যাদা হারায়।’
মার্কাস ব্যাবেল আরও এক ধাপ এগিয়ে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে তাদের আচরণ মোটেও খেলোয়াড়সুলভ নয়। মনে হয় তারা নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবে, যা মানুষের মনে তাদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করছে।’
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার এই লড়াই এখন কেবল ফুটবলীয় কৌশলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা সম্মানের লড়াইয়ে রূপ নিয়েছে। ঘরের মাঠে ভিনিসিউস কি এই সমালোচনার জবাব মাঠের খেলায় দেবেন, নাকি বায়ার্নের রক্ষণভাগ তাকে বোতলবন্দি করে ম্যাথিউসের কথার সার্থকতা প্রমাণ করবে—সেটিই এখন দেখার বিষয়।