হাজিরার দিন ধার্য থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে। অন্য মামলায় রিমান্ডে থাকায় তাদের আদালতে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রসিকিউশন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, সাবেক এই দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। গত ২৯ মার্চ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় নির্ধারিত দিনে তাদের হাজির করা হয়নি।
এদিকে, মানবপাচার আইনে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ৪ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।
অন্যদিকে, মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় শেখ মামুন খালেদকেও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত। এছাড়া ২৫ মার্চ রাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতার হন শেখ মামুন খালেদ।