চট্টগ্রামের মিরসরাইয়ে ছাদের রড পেটে ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাশরুর ওয়াসিফ রায়ান স্থানীয় সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র এবং একই এলাকার হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির ছাদে উঠে আম পাড়ার চেষ্টা করছিল রায়ান। একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের রেলিং থেকে পা পিছলে নিচে পড়ে যায়। এ সময় ছাদের কলামের বেরিয়ে থাকা রড তার শরীরে বিদ্ধ হয় এবং পেট দিয়ে ঢুকে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মিঠাছড়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল। তার শরীরে রড ঢোকার চিহ্ন ছিল এবং ইসিজিতে কোনো হৃদস্পন্দন পাওয়া যায়নি।
পরবর্তীতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাফায়েত বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে বাড়ির ছাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।