বিশ্বে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে তেলের দাম

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ইউরোপ ও এশিয়ার শোধনাগারগুলো অপরিশোধিত তেলের (ক্রুড) জন্য ব্যারেলপ্রতি প্রায় ১৫০ ডলার পর্যন্ত দিচ্ছে, যা নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি।

আলজাজিরার এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় মধ্যপ্রাচ্য থেকে দৈনিক অন্তত ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ১২ শতাংশ। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও।

ব্রেন্ট ক্রুডের দাম গত মাসে ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। তবে এটি এখনো ২০০৮ সালের সর্বোচ্চ ১৪৭.৫০ ডলারের নিচে রয়েছে।

মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় বিকল্প তেলের উৎস খুঁজতে ইউরোপ ও এশিয়ার ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। ফলে ইউরোপ ও আফ্রিকার কিছু ক্রুড অয়েলের দাম দ্রুত বেড়ে রেকর্ড ছুঁয়েছে।

হরমুজ সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরো অস্থিরতা তৈরি হতে পারে। ফলে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।