সিনেমাতেই থিতু হতে চান মেহজাবীন

এই তো বছর দুয়েক আগেই ছোট পর্দার শীর্ষ চাহিদাসম্পন্ন মডেল-অভিনেত্রী ছিলেন লাক্সকন্যা মেহজাবীন চৌধুরী। নাটক-টেলিফিল্ম বাদ দিয়ে বেশ কিছুদিন ধরে থিতু হয়েছেন ওয়েব ফিল্মে। তবে এখন এই অভিনেত্রী থিতু হতে চাচ্ছেন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে। ইতিমধ্যে মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’ সিনেমা দুটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পেয়েছে প্রশংসা ও স্বীকৃতি। এ কারণে সিনেমাই তার এখন মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন এই মডেল-অভিনেত্রী। সদ্য মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ দেখা গেছে তাকে। প্রীতম হাসানের বিপরীতে সেখানে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে দেশের বিনোদন জগতে অনন্য এক উচ্চতায় অবস্থান করছেন মেহজাবীন চৌধুরী। মিশন এবার তার তৃতীয় সিনেমা।

আসছে কোরবানির ঈদের জন্য নির্মাণ পরিকল্পনায় থাকা পরিচালক ভিকি জাহেদের সিনেমায় দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। আর তার বিপরীতে থাকতে পারেন অভিনেতা আফরান নিশো। এরই মধ্যে এই দুই অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্তের পথে বলে জানা গেছে। আর তা শেষ পর্যন্ত চূড়ান্ত হলে সিনেমায় প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে তাদের। জানা গেছে, এই জুটির প্রথম সিনেমার নাম ‘পুলসিরাত’। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমাটির নির্মাতা ভিকি জাহেদ এরই মধ্যে পুনর্জন্ম, রেডরাম, শিল্পী, চম্পা হাউস, নির্বাসনসহ একাধিক জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণ করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন।

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট। প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবা হচ্ছে। তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ মাসেই সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীরা। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বড় আয়োজনের মধ্য দিয়ে শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

মেহজাবীন চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে ‘ক্যাকটাস’ ওয়েব ফিল্মে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ব্যানারে নির্মিত এই ফিল্মটি ২৮ মার্চ অবমুক্ত করা হয়। এতে তার বিপরীতে রয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। সব মিলিয়ে দেশের বিনোদন জগতে অনন্য এক উচ্চতায় অবস্থান করছেন মেহজাবীন চৌধুরী। রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও অভিনেত্রীর সরব উপস্থিতি রয়েছে। মাঝে মধ্যেই তিনি গ্ল্যামারাস লুকে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে ধরা দেন। এ নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী। সদ্য তার এক আভিজাত্যপূর্ণ উপস্থিতি আবার মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের।

টিভি নাটক না করার এক প্রকার ঘোষণা দিয়েই এই লাক্সকন্যা বলেছিলেন, ‘টিভি নাটকের গল্প ও চরিত্র প্রায় একই ধরনের। এ কারণে টিভি নাটকে কাজ করতে এক ধরনের একঘেয়েমি চলে এসেছে। বরং এখন ওটিটিতে ভালো ভালো কন্টেন্ট ও ব্যতিক্রমী চরিত্র থাকছে। সেগুলোতে কাজ করার যেমন অবাধ সুযোগ থাকছে, তেমনি এসব চরিত্রে কাজ করতেও ভালো লাগছে। দর্শকও এসব সিরিজ বেশ সানন্দে উপভোগ করছেন।’ যদিও এর সঙ্গে যোগ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘এখন ওটিটিতে কাজ করছি বলে টিভি নাটকে কাজ করব না, এমন নয়। ছোট পর্দাই আমাকে আজকের এ অবস্থানে নিয়ে এসেছে। আমাকে মেহজাবীন বানিয়েছে। ভালো কিছু ও মনের মতো কোনো গল্প, চরিত্র ও নির্মাতা পেলে অবশ্যই কাজ করব।’