আজ প্রকাশ পাচ্ছে সাদী-মাহির প্রথম নাটক

একের পর এক মৌলিক গান প্রকাশ করে খুব অল্প সময়েই শ্রোতা-দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। নায়কোচিত এই শিল্পী বেশ কয়েক বছর আগেই নাটক-সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু নিজের মতো করেই সময় নিয়ে শেখ সাদী নাটকে অভিনয় করতে চেয়েছেন। অবশেষে তার ভক্তদের প্রতীক্ষার অবসান শেষ হতে যাচ্ছে আজ বুধবার সন্ধ্যায়। ‘বিগ সিটি ড্রামা’য় সন্ধ্যায় প্রকাশ পাচ্ছে শেখ সাদী খান ও সামিরা খান মাহি অভিনীত নাটক ‘শহরের নতুন অতিথি’ নাটকটি। গৌতম কৈরীর পরিচালনায় নাটকে সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা চরিত্রে।

শেখ সাদী বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম নাটক, তাই অভিনয়ের সময়টাতে একটু নার্ভাস ছিলাম। তবে যখন কাজটা শুরু করি তখন আমার সহশিল্পী মাহি এবং আমার পরিচালক এত সহযোগিতা করছিলেন যে, তখন আমার মনে হলো না আমি ঠিকঠাকমতো অভিনয়টা করতে পারব। সত্যি বলতে অনেক দিন ধরেই অভিনয় করব করব বলে শেষ পর্যন্ত এই গল্পে অভিনয় করা হলো, সেদিক নিয়ে ভীষণ ভালো লাগা কাজ করছে মনে।  মাহির সঙ্গে যেহেতু আগেই আমার পরিচয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে কারণে তার সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে নার্ভাসনেসটা কম ছিল।’