কাগজের নকল গেছে, নতুন শত্রু এআই : শিক্ষামন্ত্রী

পরীক্ষার হলে লুকিয়ে রাখা চিরকুট বা বইয়ের পাতার সেই পুরনো নকলের দিন এখন অতীত। কিন্তু প্রযুক্তির ছায়ায় নকল নিয়েছে নতুন রূপ। স্মার্টফোন, ইয়ারফোন আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন অসাধু পরীক্ষার্থীদের হাতিয়ার। এই বদলে যাওয়া বাস্তবতার মুখে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছেন ‘নকলের মতোই আইনকেও বদলাতে হবে।’

গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি করপোরেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘নকলের দাফন করেছি, নকলের চল্লিশা খেয়েই মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছি। তবে নকলের কিছুটা মডেল পরিবর্তন হয়েছে। এখন আর কাগজ দিয়ে নকল হয় না, ডিজিটাল মাধ্যমে (এআই) উত্তর

দিয়ে দিচ্ছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের পুরনো পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এখন আর যুগোপযোগী নয়। এই আইন সংশোধনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে এবং শিগগিরই তা জাতীয় সংসদে পেশ করা হবে।’

শুধু স্কুল-কলেজের পরীক্ষা নয়, এবার সরকারি চাকরি, ব্যাংক নিয়োগসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও এই আইনের আওতায় আসবে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান প্রমুখ।