গাজীপুরে ডাকাতের হামলায় নারীর মৃত্যু, নগদ টাকা স্বর্ণালংকার লুটপাট

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী মধ্যপাড়া গ্রামে ডাকাত দলের হামলায় আছমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। ডাকাতিতে বাঁধা দেওয়ায় বউ শ্বাশুড়িকে মারধর করে লুটে নেয় নগদ অর্থ, স্বর্ণালংকার। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার পরিদর্শক অপারেশন নয়ন কুমার কর।

নিহত আছমা আক্তার (৫৫) সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী মধ্যপাড়া গ্রামের মো. আনিছুর রহমানের স্ত্রী। আনিছুর রহমানের পুত্রবধূ আরিফা আক্তার বলেন, রাত আনুমানিক ২ টার দিকে শ্বাশুড়ির চিৎকারে ঘুম ভাঙে। দৌড়ে এসে দেখি ৩ থেকে ৪ জনের একটি ডাকাত দল বাড়িতে হামলা করে। এসময় ঘরের ভেতরে প্রবেশ করে কয়েকজন। ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি ভয়ভীতি হুমকি দিয়ে আমাকে বেঁধে ফেলে। 

আরিফা বলেন, শ্বাশুড়ি আছমা আক্তার এসময় হৈ চৈ শুরু করলে ডাকাত দলের সদস্যরা তার গলায় গামছা পেঁচিয়ে আঘাত করে খাটের সঙ্গে বেঁধে রাখে। ডাকাত দলের সদস্যরা ডাকাতি শেষে চলে যায়। এর পর কি হয়েছে বলতে পারবো না।  

তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যরা আমাদের চোখের সামনে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। ওদের মুখ কালো কাপড়ে ডাকা ছিলো। সবার হাতে লম্বা লম্বা চাপাতি। আমাদের অনেক মারধর করা হয়েছে। বেশ কয়েকটি লাথি মারে, পরে অজ্ঞান হয়ে যায়।

নিহতের ছেলে মো. নাজমুল সাকিব বলেন, রাত সাড়ে ৯ টার দিকে কর্মস্থলে চলে যাই। সকাল সাতটার দিকে বাড়িতে এসে মায়ের মরদেহ দেখতে পায়। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। পরবর্তীতে স্ত্রী আরিফাকে হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফিরলে সবকিছু জানতে পারি। 

নিহতের স্বামী আনিছুর রহমান স্থানীয় একটি স্কুলে নিরাপত্তার প্রহরী হিসেবে কাজ করেন। সকালে খবর পায় স্ত্রীকে ডাকাত দল মেরে ফেলছে। দৌড়ে এসে দেখি ছেলের বউকে শক্ত করে বেধে রাখছে। স্ত্রীকে গামছা পেঁচিয়ে মেরে ফেলছে। ঘরে রাখা সাড়ে তিনলাখ টাকা স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।

জয়দেবপুর থানার পরিদর্শক অপারেশন নয়ন কুমার কর বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।