সংসদে প্রধানমন্ত্রী 

সব উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণের চিন্তা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। 

নওগাঁ-৪ আসনের সাংসদ ইকরামুল বারী টিপু এক প্রশ্নে জানতে চান, নওগাঁর মান্দা উপজেলাধীন "মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ" সহ দেশের সকল উপজেলা সদরের একটি করিয়া মহিলা কলেজ সরকারিকরণের কোনো পরিকল্পনা আছে কি না; থাকলে তা কতদিনে বাস্তবায়ন করা হবে

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এ লক্ষ্যে দেশের সকল উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলা হওয়ায় এখানে নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।

তিনি বলেন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজসহ দেশের অন্যান্য উপজেলার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সরকারিকরণের বিষয়টি বিদ্যমান নীতিমালা ও প্রয়োজনীয় আর্থিক সংস্থান বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।