ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), তার ভাই জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮) এবং জসিম উদ্দিনের ছেলে রিয়াদ (২৫)।
বুধবার (৮ মার্চ) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন গণমাধ্যমকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২৩ সালের ১৯ জুন প্রবাসী কামরুজ্জামানের ছেলে আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম ত্রিশাল থানায় একটি মামলা করেন।
মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন।
আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম মামলাটি পরিচালনা করেন।