অদ্ভুত ও ভয়ংকর রূপে হাজির আল্লু

আজ ৮ এপ্রিল ৪৪ বছরে পা রাখলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। আর জন্মদিনে অদ্ভুত ও ভয়ংকর এক রূপে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই সুপারস্টার। মাথা ন্যাড়া, শরীরে ঘন লোম, তীক্ষ্ণ নখ আর রহস্যময় চোখ—এই ভিন্নধর্মী উপস্থিতিই তার নতুন সিনেমার প্রথম ঝলক হিসেবে প্রকাশ পেয়েছে। 

আল্লু জানিয়ে দিলেন, এটি তার আসন্ন ছবি রাকা’র প্রথম প্রকাশিত রূপ। ছবিটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার। কল্পবিজ্ঞান ঘরানার এই চলচ্চিত্রের বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি রুপি, যা দক্ষিণী সিনেমায় বড় বিনিয়োগের অন্যতম উদাহরণ। 

ছবিতে আল্লুর বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। গল্পে পুনর্জন্মের ধারণা তুলে ধরা হবে, যেখানে অতীত ও বর্তমান সময়কে একসঙ্গে দেখানো হবে। প্রথম ঝলকে আল্লুকে একেবারে ভিন্ন ও ‘জন্তু-সদৃশ’ চরিত্রে দেখা গেছে, যা তার আগের কোনো কাজের সঙ্গে মিল নেই। 

পুষ্পা: দ্য রাইজ-এর সাফল্যের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। জন্মদিন উপলক্ষে তার এক ঝলক দেখার জন্য ভক্তরা আগের রাত থেকেই বাসার সামনে জড়ো হতে শুরু করেন। কেউ পোস্টার নিয়ে, কেউ প্রিয় চরিত্রের সাজে হাজির হন। 

তবে এই ভিড় একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আতশবাজি ও অতিরিক্ত জনসমাগমের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। লাঠিচার্জের ঘটনাও ঘটে, যদিও এতে ভক্তদের উৎসাহ পুরোপুরি থামেনি।