সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নিজাম উদ্দিনকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, একুশে পত্রিকা ও দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিন ২০২৫ সালের ১২ আগস্ট বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করেন। এর জেরে তার ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ওইদিন নিজাম উদ্দিন ‘জরুরি তথ্য দেওয়ার’ কথা বলে বেলাল উদ্দিনকে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুন্নবী, রাসেল চৌধুরীসহ অজ্ঞাত আরও কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা বেলালকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বেলাল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার দিনই রাতে ভুক্তভোগী সাংবাদিক কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলায় নিজাম উদ্দিন, যুবদল নেতা রাসেল চৌধুরী এবং ছাত্রদল কর্মী মোহাম্মদ নুরুন্নবীসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। ঘটনার এক ঘণ্টার মধ্যে পুলিশ নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।
তবে বহিষ্কারের বিষয়ে নিজাম উদ্দিন দাবি করেন, তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে এবং তিনি সংগঠনের কোন নিয়ম ভঙ্গ করেছেন তা তার জানা নেই।