গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে 'অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল আলোচনায় এই কর্মসূচী ঘোষণা করেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, আগামীকাল থেকে আমরা গণসংযোগ কর্মসূচি শুরু করছি। আমরা লিফলেট তৈরি করেছি- সেটা দেশের মানুষের কাছে পৌঁছে দেবো। এই লিফলেটে আমরা তুলে ধরেছি- ক্ষমতায় এসেই বিএনপি কীভাবে গণরায় অমান্য করছে, গণভোটকে ঠাট্টা করছে এবং জুলাই সনদের সঙ্গে প্রতারণা করছে।
তিনি জানান, পরশুদিন থেকে ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে। এরপর জেলা পর্যায়ে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার হবে। বাংলাদেশের ৬৪ জেলায় আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবো—দলগতভাবে এবং ১১ দলীয় জোটের অংশ হিসেবে।
তিনি আরও বলেন, আমরা শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে একটি বড় কনফারেন্স ও মতবিনিময় সভা করবো—তাদের কাছ থেকেই শুনতে চাই তারা গণভোট বাস্তবায়ন চান কিনা।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় ঐক্য—গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদে ও রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে।