পরীক্ষায় অসদুপায় অবলম্বন: নোবিপ্রবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট কর্তৃক সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিয়ে পরবর্তীতে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে জানা যায়, গত ৩ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৩৯তম সভার সিদ্ধান্তক্রমে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। যার মধ্যে দুই শিক্ষার্থীকে ১ বছর এবং বাকি এক শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুইজন ১ বছরের (দুই টার্ম) জন্য এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের  সিএসটিই বিভাগের একজন ৬ মাস (এক টার্ম) বহিষ্কৃত হয়েছেন।