দক্ষিণী সিনেমায় গত কয়েক বছর ধরেই রাজত্ব করছেন আল্লু অর্জুন। এই সুপারস্টারকে নিয়ে খ্যাতিমান পরিচালক অ্যাটলি বানাচ্ছেন নতুন একটি সিনেমা; যা নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ ছিল না। গতকাল ৮ এপ্রিল ছিল আল্লুর ৪৪তম জন্মদিন। আর বিশেষ দিনেই সেই সিনেমার নাম ঘোষণা করা হলো। আল্লুর আসন্ন সিনেমার নাম রাখা হয়েছে ‘রাকা’। এই ছবিতেই প্রথমবার দীপিকা পাড়–কোনের সঙ্গে জুটি বাঁধবেন ‘পুষ্পা’। গতকালই প্রকাশ পেয়েছে ‘রাকা’ ছবিতে আল্লুর প্রথম লুক। যেখানে চোখে-মুখে হিংসা, বিদ্বেষে ভরা মারকাটারি লুকে ধরা দিয়েছেন নায়ক। যা দেখে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা। এই সিনেমার প্রথম পোস্টারে আল্লু অর্জুনকে চেনা দায়! তাকে দেখা যাচ্ছে, সম্পূর্ণ ন্যাড়া মাথায়। শুধু তাই নয়, তার পিঠে পশুর বড় নখ বা থাবা লাগানো আছে।
পোস্টারে দেখা যাচ্ছে তিনি একটি জ¦লন্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে আছেন। এই লুক দেখে বোঝাই যাচ্ছে যে, ছবিতে তিনি কোনো সাধারণ মানুষ নন, দানবীয় শক্তির কোনো চরিত্রে অভিনয় করছেন। এর আগে শাহরুখ খানের ‘জাওয়ান’ ছবিটিতে রেকর্ড গড়েছিলেন পরিচালক অ্যাটলি। এবার তিনি হাত মিলিয়েছেন আল্লু অর্জুনের সঙ্গে। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দুটি ছবির পর বর্তমানে গোটা ভারতের সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন আল্লু। আর এই দুই বড় তারকা একসঙ্গে হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে।
অন্যদিকে এই ছবির আরেকটি বড় চমক দীপিকা পাড়–কোন প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন। এর আগে ‘জাওয়ান’-এ দীপিকাকে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। এবার আল্লু অর্জুনের সঙ্গে তার জুটি নিঃসন্দেহে দর্শকদের জন্য বড় পাওনা। শোনা যাচ্ছে, ‘রাকা’ ছবিটি একটি সাই-ফাই অ্যাকশন থ্রিলার হতে চলেছে। অর্থাৎ এতে বিজ্ঞানের ছোঁয়া এবং প্রচুর অ্যাকশন থাকবে। আল্লুর চরিত্রটি এমন হবে, যা ভারতীয় সিনেমায় আগে কখনো দেখা যায়নি। সিনেমাটির শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে। ২০২৬ সালেই বড় পর্দায় আসার কথা রয়েছে। তেলুগু, হিন্দি, তামিলসহ ভারতের বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেতে পারে।
ইতিমধ্যে আল্লুর এই ‘রাকা’ অবতার ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। হিংস্র এই লুক দেখে ভক্তরা বলছেন, বক্স অফিসে এবার নতুন কোনো ইতিহাস তৈরি হতে চলেছে। অ্যাটলির পরিচালনা আর আল্লু অর্জুনের অভিনয়, সব মিলিয়ে বছরের সব থেকে বড় সিনেমা হতে পারে ‘রাকা’।