আলোচনা জিইয়ে রাখছেন জয়া

বেশ কিছুদিন ধরেই কাজে নেই দুই বাংলার দ্যুতি ছড়ানো অভিনেত্রী জয়া আহসান। তবে মডেলিং বা শুটিং না থাকলেও স্যোশাল মিডিয়ায় নতুন নতুন পোস্ট দিয়ে আলোচনার ধারা জিইয়ে রাখছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। অভিনয় ও গ্ল্যামারের অনন্য মিশেল জয়া হঠাৎ করেই দারুণ সব ফ্যাশন সেন্স নিয়ে হাজির হচ্ছে ভক্তদের সামনে। পরপর দুদিন দুই ধরনের স্টাইলিশ ছবি শেয়ার করে মুগ্ধতা ছড়াচ্ছেন নেটিজেন মহলে। দুটি পোস্টেই উষ্ণতা ছড়ানোরে পাশাপাশি অর্থবহ বার্তা দিয়ে নিজের আত্মবিশ্বাসী উপস্থিতির জানান দিলেন এই অভিনেত্রী। গতকাল বুধবার তার ফেসবুক দেয়ালে নিজের একটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছেন, ‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র।’

ছবিতে দেখা যাচ্ছে, রাজকীয় বেশে জয়া আহসান শাড়ির আঁচল ছড়িয়ে একটি চেয়ারে বসে গম্ভীরভাবে তাকিয়ে আছেন। তার পরনে ছিল গাঢ় লাল রঙের সিল্কের বেনারসি শাড়ি যার পাড় জুড়ে রয়েছে জমকালো সোনালি সুতোর জরির কাজ। অলংকার হিসেবে বেছে নিয়েছেন নব্বই দশকের নায়িকাদের মতো সোনালি গয়না। মোটা বালা, কানের দুল এবং নেকলেস যা লালের তীব্রতার সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে। চুলের স্টাইলেও ছিল এক ধরনের পুরনো আভা। খোঁপা করা চুল, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক আর জয়া আহসানের গম্ভীর চাহনি পুরো লুকটাকে দিয়েছে এক ধরনের ক্লাসিক ও শক্তিশালী ছোঁয়া। জয়া আহসানের সৌন্দর্য্যর পাশাপাশি নেটিজেনদের নজর কাড়ে ছবিটির শক্তিশালী ক্যাপশন। এক ভক্ত মন্তব্য করে লিখেছেন, ‘নিজের মতো থাকা, নিজের শক্তিকে লুকিয়ে না রেখে সাহসের সঙ্গে প্রকাশ করাই আসল পরিচয় জয়া আহসান।’ আরেকজন লেখেন, ‘এই তীব্রতাই আকর্ষণের কেন্দবিন্দু।’ আগের দিন মঙ্গলবার তিনি শেয়ার করেন আকর্ষণীয় ও গ্ল্যামারাস লুকের ছবি। এসব ছবি গুলোতে ছিল আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। বিশেষ করে করসেট স্টাইলের উপরের অংশটি দৃষ্টিনন্দন কারুকাজে সমৃদ্ধ, যা তার লুকে এনেছে ফ্যাশনেবল এক নতুন মাত্রা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গয়না। গলায় ও কানে তিনি পরেছিলেন সবুজ পাথরের (এমেরাল্ড) ভারী নেকলেস ও দুল, যা তার পুরো সাজে যোগ করেছে রাজকীয় আবহ।