অ্যাটর্নি জেনারেল বললেন

পৃথক সচিবালয়ের রায় আপিল বিভাগে নিষ্পত্তি হওয়াই সমীচীন

সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, সাংবিধানিক এ বিষয়টি সর্বোচ্চ আদালত আপিল বিভাগে নিষ্পত্তি হওয়াই কাম্য এবং সমীচীন। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিধান বাতিল করে ৭ মাস আগে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গত মঙ্গলবার প্রকাশিত হয়। এতে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৮৫ পৃষ্ঠার রায়ে হাইকোর্ট বলে, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দ্বৈতশাসন নীতি চলতে পারে না। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এজন্য সুপ্রিম কোর্ট সীমানার মধ্যে একটি স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রায়টি পড়েছি। এখানে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সাংবিধানিকতার প্রশ্ন জড়িত। যেহেতু এই রায় সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, রায়ের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে, যদিও হাইকোর্ট ডিভিশন এই মামলাতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে। কিন্তু হাইকোর্ট নিজেই কিন্তু এই রায়টি যে চূড়ান্ত এটা মনে করেছে বলে মনে হয়নি।’

তিনি বলেন, ‘আমাদের সংবিধানের ১০৩ অনুচ্ছেদ ও এর দফায় উল্লেখ করা আছে, হাইকোর্ট যখন কোনো  মামলা নিষ্পত্তি করে এবং সেই নিষ্পত্তির পরেও যদি সাংবিধানিক কোনো প্রশ্ন জড়িত থাকে সে ক্ষেত্রে হাইকোর্ট এই মর্মে একটা সার্টিফিকেট দেয় যে, মামলাটির সঙ্গে এই সংবিধান- ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে।’

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘অতীতেও বেশকিছু সাংবিধানিক মামলায় প্রশ্নের বিষয়ে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত এমন সার্টিফিকেট লক্ষ্য করেছি।’