শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির ময়মনসিংহ সেক্টরের সরাসরি তত্ত্বাবধানে এবং ৩৯ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় এই ফোর্স মোতায়েন করা হয়। বিজিবি সদস্যরা মূলত মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ১১ এপ্রিল পর্যন্ত তারা মাঠে সক্রিয় থাকবেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
শেরপুর-৩ আসনটি ভারতের সীমান্তবর্তী হওয়ায় বিশেষ সর্তকতা অবলম্বন করা হচ্ছে। নিয়মিত দায়িত্বের পাশাপাশি সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরাও নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা প্রদান করছেন। আইনশৃঙ্খলার কোনো প্রকার অবনতি যেন না ঘটে, সে লক্ষ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহল পরিচালনা করছেন।
উল্লেখ্য যে, এই আসনে ইতিপূর্বে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যুতে ওই সময় নির্বাচন স্থগিত ঘোষণা করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী পুনরায় এই উপনির্বাচনের আয়োজন করা হয়।
স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বিজিবির কঠোর নজরদারিতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ তৈরি করতে বিজিবি সদস্যদের এই অবস্থান নির্বাচনের দিন পর্যন্ত জোরদার থাকবে।