বগুড়া-৬ উপনির্বাচন

চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে নেই ভোটার

বগুড়া-৬ (সদর) আসনের শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে আসনটির ১৫০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের আনাগোনা কিছুটা কম থাকলেও দিন বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শহরের বগুড়া জিলা স্কুল, প্রি-ক্যাডেট হাই স্কুল ও সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে রাজনৈতিক কর্মীদের ভিড় থাকলেও ভেতরে সাধারণ ভোটারদের সারি বেশ ছোট। তবে শহরের তুলনায় গ্রামের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। অনেক প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন, প্রথম এক ঘণ্টায় কেন্দ্রভেদে গড়ে শতাধিক করে ভোট কাস্ট হয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে। বিজিবি সদস্যরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত মাঠে থাকবেন।

নির্বাচনী এলাকার মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর পাশাপাশি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।