হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে রায় আজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের অস্ত্র আইনের মামলার রায় আজ। মামলাটিতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে গত ৫ এপ্রিল রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করে আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করবেন বলে বেঞ্চ সহকারী ঈসমাইল হোসেন জানিয়েছেন। মামলাটি আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের কজলিস্ট থেকে এ তথ্য জানা গেছে। 

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালায় র‍্যাব-২। এ সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

তবে জব্দ করা অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯/১৯(এ) ধারায় মামলা করা হয়। হাদি হত্যা মামলার ছাড়াও ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।