মাদারীপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ১২ বছর বয়সী শিশু রবিউল সরদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে কালকিনি পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রবিউল সরদার ওই এলাকার খোকন সরদারের ছেলে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় রবিউলের ঘুড়ি পাশের উচ্চক্ষমতার বিদ্যুতের তারে আটকে যায়। পরে সেটি ছাড়ানোর চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে আমরা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানা থেকে বার্তা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।