বাছাইপর্বে হংকংকে হরিয়ে দ্বাদশবারের মতো এশিয়ান গেমস হকির মূলপর্বে উঠল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাছাইপর্বে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণীতে হংকংকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। এই নিয়ে দ্বাদশবারের মতো বাংলাদেশ হকি দল এশিয়ান গেমসের মূলপর্বে উঠল।
রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। প্রথম কোয়ার্টারে দুটি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত দুই গোল আদায় করে বাংলাদেশ। ১১ মিনিটে রাকিবুল হাসান করেন ফিল্ড গোল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। এর চার মিনিট পরই এক গোল শোধ করে হংকং।
তৃতীয় কোয়ার্টারের ৩২ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে দলকে সমতায় ফেরান হংকংয়ের ইশতিয়াক আহমেদ। তবে বাংলাদেশ দমে যায়নি। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে স্কোর ৩-২ করেন আশরাফুল ইসলাম। ৪৬ মিনিটে হংকংয়ের কুলদীপ সিং গোল করলে ম্যাচে আবার ৩-৩ সমতা হয়। তবে এর দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৪-৩ করেন বাংলাদেশের আশরাফুল
কিন্তু নাটকীয়তার আরও বাকি ছিল। ৪৮ মিনিটেই চতুর্থ গোল করে স্কোর ৪-৪ করে নেয় হংকং। শেষ পর্যন্ত ৬০ মিনিটের খেলা শেষ হয় সমতায়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে হংকং আর পেরে ওঠেনি বাংলাদেশের সাথে। হংকংয়ের সঙ্গে আগের পাঁচ সাক্ষাতে সবকটিতেই বাংলাদেশই জিতেছিল। হংকংয়ের চেয়ে ২৮ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ ফেবারিট হয়েই মাঠে নেমেছিল।