পেট্রল নিয়ে সংঘর্ষ: ছুরিকাঘাতে আহত ৩, আটক ১

গাইবান্ধার পলাশবাড়ীতে পেট্রল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষকালে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এঘটনায় একজনকে আটক করা হয়।  সংঘর্ষের পর পেট্রল পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্টেশনটিতে পেট্রল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী শহরের বাশকাটা এলাকায় মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশন এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় জানায়, বুধবার দিবাগত রাতে থেকে পেট্রলের জন্য অপেক্ষা করেন মোটরসাইকেল চালকরা। পরে বৃহস্পতিবার সকাল ৯টায় পেট্রল দেওয়া শুরু হয়। পাম্পের দুইপাশের মোটরসাইকেলের দীর্ঘ লাইন। দুপুর সাড়ে ১২টার দিকে সিরিয়াল ছাড়া তেল দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন যুবক আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন। তাদের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।  পরবর্তীতে ফিলিং স্টেশনটিতে পেট্রোল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী জানান, ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।