মাদারীপুরে বেশি দামে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুরের কালকিনি উপজেলায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার আন্ডারচর হাসান আকনের হাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন। 

অভিযান সূত্রে জানা যায়, বাবুল আকন নামের ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে পেট্রোলটি ন্যায্য মূল্যে বিক্রয় নিশ্চিত করা হয়।

এ বিষয়ে ইউএনও সাইফ উল আরেফিন বলেন, ‘নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’