বিচার বিভাগের পৃথক সচিবালয় ও সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ জাতীয় সংসদে বাতিল হওয়ার ঘটনাকে বিচার বিভাগের ইতিহাসে কালো দিন বলে বলে আখ্যায়িত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আজকে পার্লামেন্টে রহিত করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে আজ একটি কালো দিন। স্বাধীন বিচার বিভাগ ধ্বংস হয়ে গেল।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের প্রসঙ্গ তোলে তিনি বলেন, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর একটা রায় হয়েছে। ৩০ নভেম্বর সচিবালয় অধ্যাদেশ পাস হয়েছে। ১১ ডিসেম্বর সচিবালয় উদ্বোধন করা হয়েছে। সচিবালয়ের কাজ শুরু হয়েছে। এই সচিবালয় অধ্যাদেশও আজকে (গতকাল) পার্লামেন্টে রহিত করা হয়েছে।
তিনি বলেন, তারা (সরকার) এখন আর্গুমেন্ট করছেন যে হাইকোর্টের এই রায় আপিলের পরে কার্যকর হবে আপাতত কার্যকর হবে না, আমরা মনে করি এটাও সঠিক ব্যাখ্যা নয়।
শিশির মনির বলেন, এই সমস্ত ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি যেখানে সুনির্দিষ্ট কাজ হয়ে যায়। কোন আইনের অধীন সে সমস্ত জায়গায় স্ট্যাটাসকো (স্থিতাবস্থা) থাকে যতক্ষণ না পরবর্তী বিষয়টি নিষ্পত্তি না হয়েছে। কিন্তু এখানে তা না করে ওই আইনটিকে বাদ করে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি মনে করি, এই ঘটনার জন্য সারা বাংলাদেশের বিচারক এবং আইনজীবীদের কালো ব্যাজ ধারণ করা উচিত। মুখে কালো কাপড় পরা উচিত।