বৈশাখের গানে মনির খান
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক মনির খান। ‘নতুনের আহ্বানে’ শিরোনামের গানটির এরই মধ্যেই রেকর্ডিং সম্পন্ন হয়েছে বাংলাদেশ বেতারের টান্সক্রিপশন সার্ভিসের জন্য। গানটির কথা লিখেছেন সাংবাদিক মিজানুর রহমান মিথুন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আশরাফ। গানটি নিয়ে শিল্পী মনির খান বলেন, ‘নতুন বছরকে স্বাগত জানিয়ে মিজানুর রহমান মিথুনের লেখা গানটি দারুণ হয়েছে। আলী আশরাফ ভাই গানটির চমৎকার সুর করেছেন। গানের প্রতিটি কথা আমার কাছে ভালো লেগেছে। নতুন বছরের শ্রোতারা গানটি শুনে নতুন উদ্যমে বছর শুরু করার প্রেরণা পাবেন বলে আমি মনে করছি।’ গীতিকার মিজানুর রহমান মিথুন বলেন, ‘যাদের গান শুনে আমাদের প্রজন্ম সংগীতপ্রেমী হয়েছে জনপ্রিয় শিল্পী মনির খান তাদের একজন। তার জন্য গান লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গানটি মনির ভাই তার জাদুকরি কণ্ঠে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
অসুস্থ লেডি গাগা
বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা পপ তারকা লেডি গাগা হঠাৎ করেই শ্বাসকষ্ট জটিলতা ভুগছেন। যার দরুন বড় এক সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এই মার্কিন গায়িকা। বাতিল করলেন তার নির্ধারিত কনসার্ট। আর এই খবরে হতাশ হয়ে পড়েছেন হাজারো ভক্ত। কানাডার মন্ট্রিয়েল শহরের বিখ্যাত বেল সেন্টারে পারফর্ম করার কথা ছিল ‘পোকার ফেস’ খ্যাত এই গায়িকার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে মঞ্চে ওঠা সম্ভব হয়নি তার। সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় জানান, তিনি কয়েকদিন ধরে শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছি, কিন্তু অবস্থার উন্নতি না হয়ে বরং খারাপ হয়েছেন। চিকিৎসকের কড়া পরামর্শেই তাকে পারফরম্যান্স বাতিল করতে হয়েছে। ভক্তদের হতাশার কথা উল্লেখ করে গাগা দুঃখ প্রকাশ করেন এবং বলেন, আমি জানি এটি আপনাদের জন্য কতটা হতাশাজনক, আমিও ভীষণ কষ্ট পাচ্ছি। আমি আমার ভক্তদের ভীষণ ভালোবাসি। আশা করি, আপনারা আমাকে ক্ষমা করবেন। খুব শিগগিরই নতুন করে কনসার্টের তারিখ ঠিক করব।
দ্বৈত চরিত্রে অনীত
মোহিত সুরির ‘সাইয়ারা’ ছবিতে দর্শকের মন জয় করেছেন অনীত পাড্ডা। বর্তমানে তার অনুরাগীর সংখ্যাও কম নয়। তার হাতে আসছে একের পর এক সিনেমা। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে নতুনভাবে। ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’র আগামী ছবি ‘শক্তিশালিনী’তে থাকছেন তিনি। আর এই সিনেমায় একই সঙ্গে দুটি চরিত্রে অভিনয় করবেন অনীত। গল্পে দেখা যাবে, এক সাধারণ মেয়ে তার পরিবারকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে দেবী কালীর শক্তিরূপ ধারণ করছে। মুম্বাইয়ে বাংলার একটি ছোট শহরের মতো সেট বানিয়ে শুটিং শুরু হয়েছে। এরপর মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় শুটিং করা হবে। ছবিটি পরিচালনা করছেন ‘মুঞ্জিয়া’ খ্যাত পরিচালক আদিত্য সরপোতদার। অনীত পাড্ডা ছাড়াও এতে অভিনয় করছেন বিশাল জেঠওয়া এবং ভিলেন হিসেবে থাকছেন বিনীত কুমার সিং। সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে। এ ছাড়া একটি কোর্টরুম ড্রামায় মুখ্য চরিত্রে দেখা যাবে অনীতকে। ছবির গল্প অনুযায়ী, ন্য়ায়-বিচারের লড়াইয়ে এগিয়ে আসতে দেখা যাবে তাকে। অচিরেই শুরু হবে শুটিং।