বিশ্বকাপের প্রাক্কালে হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা

আসন্ন ফুটবল বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে জুন মাসে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, বিশ্বকাপের মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনার এই সংক্ষিপ্ত প্রস্তুতি সফর শুরু হবে ৬ জুন। টেক্সাসের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ড স্টেডিয়ামে প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হন্ডুরাস। এর তিন দিন পর ৯ জুন নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বজয়ীরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যালাবামার অবার্নের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে।

১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এবার ‘জে’ গ্রুপে লড়বে। এই গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা রক্ষার মিশন শুরু করবে লিওনেল স্কালোনির শিষ্যরা। সম্প্রতি জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তারা ৩-০ ব্যবধানে জিতেছে।

এবারই প্রথম ৪৮টি দল নিয়ে তিন দেশে আয়োজিত হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে ফেবারিট তকমা নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এই দুই প্রীতি ম্যাচ খেলোয়াড়দের পরখ করে নেওয়ার শেষ সুযোগ হিসেবে দেখছেন কোচ স্কালোনি।